পশ্চিমবঙ্গে কংগ্রেস এককভাবে লড়বে, আর সিপিএমের সঙ্গে জোট নয়

পশ্চিমবঙ্গে কংগ্রেস এককভাবে লড়বে, আর সিপিএমের সঙ্গে জোট নয়

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এআইসিসি।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, গুলাম আহমেদ মীর, অধীর চৌধুরী, ইশা খান চৌধুরী ও অন্যান্য শীর্ষ নেতা।

বৈঠকে রাজ্যের বেশিরভাগ নেতাই কংগ্রেসের একক লড়াইয়ের পক্ষে মতপ্রকাশ করেছেন। অধীর চৌধুরী বৈঠকে বামফ্রন্টের সঙ্গে অতীত জোটের কার্যকারিতা তুলে ধরলেও, সামগ্রিক সিদ্ধান্ত হয় যে এবার কংগ্রেস স্বাধীনভাবে সমস্ত আসনে লড়বে।

গুলাম মীর বৈঠকের পরে জানান, দলের সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “সকলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেস পশ্চিমবঙ্গে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর জন্য প্রস্তুতি শুরু করা হবে।” তিনি আরও উল্লেখ করেছেন, অতীতে জোট রাজনীতির কারণে দলের কর্মীরা হতাশ হয়েছিলেন এবং সেই কারণে কংগ্রেস এবার নিজের অবস্থান শক্ত করতে চাইছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট একসাথে লড়েছিল, কিন্তু ফলাফল হতাশাজনক হয়েছিল। এবার কংগ্রেস নিজেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে চায়। জেলা স্তরে সংগঠন মজবুত করা, নতুন মুখ সামনে আনা এবং কর্মীদের মনোবল বাড়ানোই দলের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই একক লড়াই পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Category