মাধ্যমিক পাশ বেকারদের জন্য রাজ্যে মাসিক ভাতা, চালু হচ্ছে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প

মাধ্যমিক পাশ বেকারদের জন্য রাজ্যে মাসিক ভাতা, চালু হচ্ছে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে ‘বাংলার যুবসাথী’ নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে ঘোষণা করা হয়েছে, মাধ্যমিক পাশ করা রাজ্যের যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ থাকবে এবং কেউ চাকরি পেলে সুবিধা বন্ধ হবে। প্রকল্প ১৫ অগাস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

বাজেটে আরও জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই উচ্চশিক্ষার জন্য সরকারি বা অন্যান্য সংস্থার স্কলারশিপ পান, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। নতুন প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া, রাজ্যের অন্যান্য জনসাধারণ ও কর্মীদের জন্যও ভাতা বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশাকর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতাও ১,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের বরাদ্দও বাড়ানো হয়েছে; সাধারণভাবে মাসে ১,৫০০ টাকা, তফসিলি জাতি, জনজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এখন মাসে ১,৭০০ টাকা পাবেন।

রাজ্য সরকারের এই উদ্যোগের লক্ষ্য বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া এবং নির্বাচনের আগে যুব সম্প্রদায়ের মধ্যে সুযোগ ও সমর্থন নিশ্চিত করা।

Category