ইউক্রেনের দাবি: যুদ্ধবিরতি আলোচনা প্রথম দিনেই ফলপ্রসূ, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ইতিবাচক

ইউক্রেনের দাবি: যুদ্ধবিরতি আলোচনা প্রথম দিনেই ফলপ্রসূ, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ইতিবাচক

ইউক্রেনের প্রতিনিধিদলের নেতা ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ বৃহস্পতিবার জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে প্রথম দিনের আলোচনাটি “ইতিবাচক ও ফলপ্রসূ” হয়েছে। তিনি বলেন, “সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আমরা আশাবাদী।”

সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে বুধবার থেকে শুরু হওয়া আলোচনায় রাশিয়ার প্রতিনিধিরাও অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে।

তবে আলোচনার মধ্যেই ডনবাস এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের খবর আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার অভিযোগ করেছে, রুশ বাহিনী শীতের মরসুমে পরিকল্পিতভাবে তাদের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীর দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর সঙ্গী ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তারা আগেও গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় ডিসেম্বরে বৈঠক করে তারা ২৮ দফা যুদ্ধবিরতির প্রস্তাবকে চারটি পৃথক প্যাকেজে ভাগ করে আলোচনা করেছিলেন। পুতিন জানিয়েছেন, আলোচনা ইতিবাচক হয়েছে, তবে রুশ বাহিনী এরপরও হামলা বন্ধ করেনি।

আগামী ২৪ ফেব্রুয়ারি পুতিনের ‘ইউক্রেন অভিযান’-এর চতুর্থ বর্ষপূর্তি। এই তারিখের আগে যুদ্ধবিরতির সমাধানসূত্র পাওয়া যেতে পারে বলে আশাবাদী রয়েছেন উমেরভ।

Category