১৫ দিন আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোঃ কামরুল হাসান চৌধুরী। দুর্ঘটনার পর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার।
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি নিয়ে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিজের বাড়ির পাশে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি ভোট দেন। কামরুল হাসান মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
কামরুল হাসান জানান, “নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কারণে আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। নির্বাচনের সময় পুরো প্রচারণায় অংশ নিতে না পারলেও ভোট দেওয়ার সংকল্প ছিল। তাই চিকিৎসকের অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে ভোট দিতে এসেছি।”
এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, “কামরুল হাসান ভোট দিতে আগ্রহী ছিলেন। চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি অ্যাম্বুলেন্সে শুয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন। এলাকায় এটি ব্যাপক আলোচিত হয়েছে।”
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, “বেলা একটার দিকে অসুস্থ এই ভোটার ভোট দিতে আসেন। বুথ দ্বিতীয় তলায় হওয়ায় বিশেষ ব্যবস্থায় চারজন সহকর্মীর মাধ্যমে তাকে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে কিছুটা অসুবিধা হলেও তিনি সফলভাবে ভোট দিতে পেরেছেন, যা খুবই সন্তোষজনক।”
- Log in to post comments