ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, ফলাফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব অটুট রাখা হোক।
এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম, এবং নির্বাচন-সংক্রান্ত সব প্রতিষ্ঠানের পেশাদারি একত্রিত হয়ে এই নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করেছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।”
তিনি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের কারণেই এই বড় গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও প্রার্থীদেরও আহ্বান জানান চূড়ান্ত ফলাফলের পরও মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক শালীনতা বজায় রাখুন।
তিনি যোগ করেন, “বাংলাদেশ আজ আবার প্রমাণ করেছে যে, জনগণই সকল ক্ষমতার মূল উৎস। এই নির্বাচন আমাদের জন্য আনন্দ ও উৎসবের, যা নতুন বাংলাদেশের এক নতুন যাত্রার সূচনা করেছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন। এই ধারা ধরে রাখলে গণতন্ত্রের মান ও শক্তি আরও বৃদ্ধি পাবে।
- Log in to post comments