অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে যাত্রীবাহী বিমান, আগুন লেগে আতঙ্ক নেপালে

অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে যাত্রীবাহী বিমান, আগুন লেগে আতঙ্ক নেপালে

নেপালে ফের বড়সড় বিমান বিপর্যয়ের ঘটনা ঘটল বছরের শুরুতেই। শুক্রবার রাতে বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে ছিলেন ৫১ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সৌভাগ্যবশত সকলেই প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটে ঝাপা জেলার ভদ্রপুর বিমানবন্দরে। নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী 9N-AMF নম্বরের বিমানটি রাত ৯টা নাগাদ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার পিছলে যায়। এরপর বিমানটি রানওয়ের পাশের একটি ছোট নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে গেলেও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

এই উড়ানটি ছিল কাঠমান্ডু-ভদ্রপুর রুটের দিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল এবং রাত ৯টা ৮ মিনিটে ভদ্রপুরে নামার কথা ছিল। ওই সময়েই দুর্ঘটনাটি ঘটে। বিমানের ক্যাপ্টেন ছিলেন শৈলেশ লিম্বু।

ঘটনার পর ভদ্রপুর বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে ক্ষতিগ্রস্ত বিমান সরানোর কাজ চলছে। বুদ্ধ এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি কাঠমান্ডু থেকে একটি কারিগরি দল পাঠানো হয়েছে বিমানটি পরীক্ষা করার জন্য। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

Category