কলকাতা ও গুয়াহাটির মধ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। এটি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন, যা দীর্ঘ দূরত্বের যাত্রীদের কথা মাথায় রেখেই চালু করা হচ্ছে। এই ট্রেনটি হাওড়া (কলকাতা) ও গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে চলবে এবং প্রায় ১,২০০ থেকে ১,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। অসম, উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জেলার উপর দিয়ে যাবে এই ট্রেন, যার মধ্যে রয়েছে কামরূপ মেট্রোপলিটন, বঙ্গাইগাঁও, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনের এসি থার্ড টায়ার কোচে খাবারসহ ভাড়া হবে প্রায় ২,৩০০ টাকা। এসি সেকেন্ড টায়ারের ভাড়া প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি কোচের ভাড়া প্রায় ৩,৬০০ টাকা। ট্রেনটিতে মোট ১৬টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে এবং একসঙ্গে প্রায় ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে রয়েছে ১১টি এসি থার্ড টায়ার, ৪টি এসি সেকেন্ড টায়ার এবং ১টি ফার্স্ট এসি কোচ।
এই বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য থাকছে একাধিক আধুনিক সুবিধা। ফার্স্ট এসি কোচে গরম জলের শাওয়ারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে প্যানেল এবং আধুনিক মডুলার প্যান্ট্রি থাকছে। খাবারের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা থেকে গুয়াহাটি গামী ট্রেনে বাঙালি খাবার এবং গুয়াহাটি থেকে কলকাতা গামী ট্রেনে অসমের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। সব মিলিয়ে, এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য আরও আরামদায়ক, নিরাপদ ও আধুনিক যাত্রার অভিজ্ঞতা এনে দেবে।
- Log in to post comments