নতুন বছরের শুরুতেই সঙ্গীত জগতে নেমে এল গভীর শোক। প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। রবিবার দিল্লিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
সূত্রের খবর, রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত। তাঁকে দ্রুত দিল্লির দ্বারকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত গায়কের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, প্রশান্তের তেমন কোনও গুরুতর শারীরিক অসুস্থতা ছিল না। সম্প্রতি অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দিল্লিতে ফিরে এসেছিলেন। কর্মসূত্রে গত কিছুদিন ধরেই তিনি দিল্লিতেই বসবাস করছিলেন।
দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। সেই ভালোবাসাই তাঁকে নিয়ে যায় ২০০৭ সালের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে। সিজন–৩-এ বিজয়ী হয়ে তিনি রাতারাতি জাতীয় পরিচিতি পান। কলকাতা পুলিশের এক সাধারণ কনস্টেবল থেকে দেশের অন্যতম জনপ্রিয় গায়কে পরিণত হওয়া-তাঁর এই যাত্রা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা।
তাঁর জয়ের পেছনে শুধু সুরেলা কণ্ঠই নয়, ছিল গোর্খা ও নেপালি ভাষাভাষী মানুষের বিপুল ভালোবাসা ও আবেগ। ভারত ছাড়াও নেপালে তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। নেপালি ভাষায় গাওয়া একাধিক গান আজও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
গানের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন প্রশান্ত তামাং। তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এ। পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও তিনি রেখে গিয়েছেন নিজের স্বতন্ত্র ছাপ। ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী ২’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।
অকালপ্রয়াণে একদিকে যেমন স্তব্ধ সঙ্গীত জগৎ, তেমনই শোকে ভেঙে পড়েছেন অসংখ্য অনুরাগী। প্রশান্ত তামাং চলে গেলেও, তাঁর গান ও স্মৃতি থেকে যাবে বহু মানুষের হৃদয়ে।
- Log in to post comments