বাঁকুড়ার শালতোড়া থেকে কয়লা ও পাথর খাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এলাকায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে।
শনিবার শালতোড়ায় এক কর্মসূচিতে অভিষেক বলেন, আগামী দু’মাসের মধ্যেই এলাকার সমস্ত পাথর খাদান ও ক্রাশার পুনরায় চালু করা হবে। তাঁর দাবি, সরকারি মালিকানাধীন প্রায় ১৩৩ হেক্টর জমির উপর থাকা ১৮টি মাইন চালু হলে অন্তত ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, এ বিষয়ে গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল এবং এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের মধ্যেই কাজ শুরু করতে হবে।
অভিষেকের কথায়, “কথা দিয়ে কথা রাখাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি।”
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, শালতোড়ায় এখন পাঁচটি খাদান চালু রয়েছে এবং প্রায় ১২০টি ক্রাশার কাজ করছে। যদিও মোট ক্রাশারের সংখ্যা ২৫০টিরও বেশি। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, খাদান চালু করতে একাধিক সরকারি অনুমতি লাগে এবং অনেক সময় কেন্দ্রীয় দপ্তরের ছাড়পত্র পেতেও দীর্ঘ সময় লাগে। তাঁর অভিযোগ, আইনি প্রক্রিয়ার পাশাপাশি ঘুষের সংস্কৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে। শালতোড়ার বিধায়ক ও আগের সাংসদ বিজেপির হলেও, সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার পেতে সমস্যার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি অভিষেক। বাঁকুড়ায় বিজেপিকে পরাজিত করে “১২–০” করার লক্ষ্য স্থির করেন তিনি। জানান, ২০২১ সালের বিধানসভা ভোটে যেখানে তৃণমূল চারটি আসন জিতেছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই সংখ্যা বেড়ে ছয় হয়েছে। এবার দুই লোকসভা কেন্দ্র মিলিয়ে সবকটি আসন জিতে বিজেপিকে পরাস্ত করার ডাক দেন তিনি। একই সঙ্গে উন্নয়নের হিসাব নিয়ে বিজেপিকে খোলা চ্যালেঞ্জও ছুড়ে দেন অভিষেক।
- Log in to post comments