শিশুদের খাবারে ডিম-সবজি নেই অভিযোগ, বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ

শিশুদের খাবারে ডিম-সবজি নেই অভিযোগ, বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ

দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মাধবপুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। অভিযোগ, শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবারে নিয়মিত ডিম ও সবজি দেওয়া হচ্ছে না, এমনকি খিচুড়ির মানও এতটাই খারাপ যে তা খাওয়ার অযোগ্য।

রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী ভারতী রায়কে কয়েক ঘণ্টার জন্য তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, কেন্দ্রটি নিয়মিত খোলা হয় না এবং প্রায় ৩০ জন শিশুর পুষ্টি ও যত্ন নিয়ে চরম অবহেলা করা হচ্ছে।

একাধিক অভিভাবক জানান, শিশুদের খাবারে ডিম ও সবজি প্রায়শই অনুপস্থিত থাকে এবং দিদিমনির উপস্থিতিও অনিয়মিত। বিষয়টি জানাজানি হতেই প্রশাসনের নজরে আসে ঘটনা। পরে আইসিডিএস বিভাগের সুপারভাইজাররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে অন্যত্র বদলি করা হবে এবং ভবিষ্যতে খাবারের মান ও কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা হবে। তপন থানার আইসি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Category