দুই-তৃতীয়াংশের দাবিতে শাহ, বাঁকুড়া থেকে পাল্টা হুঙ্কার মমতার-‘ইউ মাস্ট রিজাইন’

দুই-তৃতীয়াংশের দাবিতে শাহ, বাঁকুড়া থেকে পাল্টা হুঙ্কার মমতার-‘ইউ মাস্ট রিজাইন’

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে শুরু হয়ে গেল তীব্র বাকযুদ্ধ। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে।

এই মন্তব্যের জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা থেকে কড়া ভাষায় তিনি বলেন, “ইউ মাস্ট রিজাইন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করুন। বলছেন দুই-তৃতীয়াংশ ভোট পাবেন, কিন্তু এবার তো আর ‘আব কি বার, ২০০ পার’ বলছেন না।” একই সঙ্গে তাঁর সংযোজন, বাংলার মানুষ আবার গণতান্ত্রিকভাবেই বিজেপিকে প্রত্যাখ্যান করবে।

মমতা আরও বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না।” শাহের নাম না করেই এই মন্তব্য করেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু বাংলাতেই কি অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় কার?

উল্লেখ্য, একই দিনে অমিত শাহ বলেছিলেন, বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ গোটা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ এবং তা বন্ধ করতে শক্ত সরকার প্রয়োজন।

সব মিলিয়ে, ভোটের আগে অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তাকে কেন্দ্র করে শাসক-বিরোধীর রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই পাল্টাপাল্টি বক্তব্যে।

Category