‘পরিবর্তন যাত্রা’ ঘিরে বিজেপির শক্তিপ্রদর্শন, ৪৮ ঘণ্টায় বাংলায় একসঙ্গে শীর্ষ নেতৃত্ব

‘পরিবর্তন যাত্রা’ ঘিরে বিজেপির শক্তিপ্রদর্শন, ৪৮ ঘণ্টায় বাংলায় একসঙ্গে শীর্ষ নেতৃত্ব

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারে জোর বাড়াতে বড় কর্মসূচির প্রস্তুতি নিয়েছে বিজেপি। আগামী ১ ও ২ মার্চ রাজ্যজুড়ে শুরু হচ্ছে দলের ‘পরিবর্তন যাত্রা’, যার উদ্বোধন ঘিরে একসঙ্গে বহু শীর্ষ নেতার উপস্থিতি নজর কাড়তে চলেছে।

১ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে নদিয়ার কৃষ্ণনগর থেকে উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডা। অন্যদিকে ২ মার্চ হাওড়ার আমতা থেকে কর্মসূচি শুরু করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দলের সূত্রে জানা গেছে, দুই দিনে মোট ন’টি সাংগঠনিক অঞ্চলে এই যাত্রা হবে কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি, গড়বেতা, রায়দিঘি, ইসলামপুর, হাসন, সন্দেশখালি এবং আমতায়। কলকাতা মহানগর বিভাগে আলাদা যাত্রা না হয়ে শেষপর্বে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হবে।

উদ্বোধনী পর্বে আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও দুই দিন রাজ্যে থাকবেন এবং উত্তরবঙ্গের দুটি কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে, কর্মসূচির প্রস্তুতি হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি রায়দিঘি এলাকায় গিয়ে সংগঠনের বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ‘চার্জশিট’ প্রকাশ করেছেন। দলের দাবি, এটি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অংশ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এতজন কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি বিজেপির তরফে বড় ধরনের শক্তিপ্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে এবং নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

Category