প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ইজরায়েল যাচ্ছেন। এই সফরে দুই দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি ও সন্ত্রাস দমনসহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রায় ৬৮০ কোটি ইউরো (প্রায় ৭২-৭৩ হাজার কোটি টাকা) মূল্যের অস্ত্র ক্রয় ও যৌথ উৎপাদন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র উপস্থিতিতেই এই বিষয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য চুক্তির তালিকায় রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী লেজার অস্ত্র ব্যবস্থা, দূরপাল্লার স্ট্যান্ড-অফ ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আত্মঘাতী ড্রোনের ক্রয় ও যৌথ উৎপাদন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।
ইজরায়েলের বহুল আলোচিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-Iron Dome, David’s Sling এবং Arrow-ভারতের আগ্রহের কেন্দ্রেও রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উন্নত সংস্করণ Arrow-2 ও Arrow-3 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম।
এছাড়া ‘Iron Beam’ নামে পরিচিত লেজারভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ভারতের সঙ্গে Barak-8 ক্ষেপণাস্ত্র প্রকল্প ও সাইবার প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই সফর সফল হলে ভারত-ইজরায়েল প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও গভীর হবে এবং উচ্চ প্রযুক্তি সামরিক সরঞ্জাম যৌথ উৎপাদনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
- Log in to post comments