কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, দেশে সোনা ও রুপোর দামের ওঠানামা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই এবং সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। তাঁর মতে, অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির একটি বড় কারণ হল মরসুমি চাহিদা।
সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সোনা ও রুপোর দামের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত মূলত সোনা আমদানিনির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি দেশের দামে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রীর কথায়, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা ও রুপো কেনাবেচার প্রবণতা আন্তর্জাতিক দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি বাজেটে আমদানি শুল্ক কমানোর ঘোষণার পর দাম কিছুটা কমলেও পরে আবার বৃদ্ধি পেয়েছে বলেও তিনি স্বীকার করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সংক্রান্ত সাম্প্রতিক আইনি পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রকগুলি পর্যালোচনা করছে এবং তড়িঘড়ি মন্তব্য করা ঠিক হবে না।
এদিন অর্থমন্ত্রী ব্যাঙ্কগুলির কিছু আর্থিক পণ্যের বিভ্রান্তিকর বিপণন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের মূল ব্যাংকিং পরিষেবায় বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
- Log in to post comments