দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন জামা খুলে বিক্ষোভ দেখানোর ঘটনায় আরও চাপে পড়ল যুব কংগ্রেস। এই মামলায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব-কে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার থেকে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে। প্রায় ১৫ ঘণ্টা জেরার পর ভোরের দিকে গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, দিল্লির তিলক মার্গ থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। পরে আদালতে পেশ করা হলে পাতিয়ালা হাউস কোর্ট চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনার তদন্তে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে চার জনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়, পরে মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে আরও তিন জনকে ধরা হয়। উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের এক নেতাকেও ললিতপুর থেকে আটক করা হয়েছে।
গত শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক কৃত্রিম মেধা সম্মেলনের সময় যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের একটি দল ভিতরে প্রবেশ করে জামা খুলে বিক্ষোভ দেখায়। তাঁদের পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা লেখা ছিল। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও প্রতিবাদ জানানো হয় এবং স্লোগান তোলা হয়। সেই সময় দেশ-বিদেশের বহু প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই ঘটনাকে ঘিরে দিল্লির আদালত আগেই প্রশ্ন তুলেছিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্রে প্রতিবাদের অধিকার থাকলেও আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আচরণ গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা ব্যবস্থার বিঘ্ন ঘটানোও গুরুতর বিষয় বলে আদালত মন্তব্য করে।
এদিকে যুব কংগ্রেসের এই কর্মসূচির নিন্দা করেছে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসও। পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ঘটনাকে “দুর্বল বিচারবুদ্ধির পরিচয়” বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, এতে আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।
- Log in to post comments