লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট ৯ মার্চ, জানালেন কিরেন রিজিজু, ততদিন দায়িত্বে থাকবেন না ওম বিড়লা

লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট ৯ মার্চ, জানালেন কিরেন রিজিজু, ততদিন দায়িত্বে থাকবেন না ওম বিড়লা

লোকসভায় স্পিকার ওম বিড়লা-র বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সেদিন থেকেই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।

মন্ত্রী জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী অধিবেশন পুনরায় শুরু হলে প্রথম দিনেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এবং পরে পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

প্রধান বিরোধী দল কংগ্রেসসহ ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), এনসিপি (শরদ গোষ্ঠী), আরজেডি এবং বাম দলগুলির মোট ১১৮ জন সাংসদ এই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করেনি।

বিরোধীদের অভিযোগ, বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন আলোচনায় বেশ কিছু বিরোধী সাংসদকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি এবং কয়েকজন সাংসদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

এদিকে ওম বিড়লা জানিয়েছেন, সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী অনাস্থা প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি লোকসভার কার্যক্রম পরিচালনা করবেন না। ফলে গত কয়েক দিন ধরে অধিবেশনে তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

Category