নতুন বছরের প্রথম ১৫ দিনে দিল্লি থেকে পাঁচ শতাধিক মহিলা নিখোঁজ হয়েছেন—এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। রাজধানীর পুলিশের দাবি, এই ধরনের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ছড়ানো ভুয়ো প্রচার, যার সঙ্গে বাস্তব পরিসংখ্যানের কোনও মিল নেই।
শুক্রবার দিল্লি পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারির প্রথমার্ধে দিল্লিতে মহিলা নিখোঁজের সংখ্যা নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তার পক্ষে কোনও প্রামাণ্য তথ্য পুলিশের কাছে নেই। এই ধরনের গুজব জনমনে অযথা আতঙ্ক তৈরি করছে বলেও সতর্ক করেছে পুলিশ।
দিল্লি পুলিশের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাজধানীতে হঠাৎ করে মহিলা বা নাবালিকা নিখোঁজ বেড়ে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। আর্থিক লাভের জন্য ভয়ের পরিবেশ তৈরি করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের ভুয়ো প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
এর আগে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে দিল্লিতে মোট নিখোঁজের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং তাঁদের মধ্যে বড় অংশই মহিলা। এমনকি নাবালকদের নিখোঁজ হওয়ার কথাও উল্লেখ করা হয়। তবে দিল্লি পুলিশ জানায়, এই তথ্যগুলি ভুলভাবে উপস্থাপিত এবং সরকারি রেকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজ সংক্রান্ত প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়। অসম্পূর্ণ বা যাচাই না করা তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানো হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- Log in to post comments