পুণে বিমানবন্দরে রানওয়ে ছুঁতেই বেসামাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ২৫ মিনিট পর নিরাপদ অবতরণ

পুণে বিমানবন্দরে রানওয়ে ছুঁতেই বেসামাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ২৫ মিনিট পর নিরাপদ অবতরণ

বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত বিপদ এড়াল Air India Express-এর একটি উড়ান। ইনদওর থেকে পুণেগামী আইএক্স ১২৪৫ ফ্লাইটটি অবতরণের সময় আচমকা বেসামাল হয়ে পড়ে বলে যাত্রীদের দাবি। তবে পাইলটের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ইনদওর থেকে উড়ানটি রওনা দেয়। প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন বিমানে। নির্ধারিত সময় বিকেল ৫টার কাছাকাছি পুণেতে নামার কথা ছিল। যাত্রীদের একাংশের বর্ণনা অনুযায়ী, রানওয়ে স্পর্শ করার মুহূর্তে বিমানটি স্থিতি হারায়। সঙ্গে সঙ্গেই পাইলট ‘গো-অ্যারাউন্ড’ সিদ্ধান্ত নেন এবং বিমানটি আবার আকাশে উড়ে যায়।

প্রায় ২৫ মিনিট আকাশে চক্কর কাটার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পাইলটের দক্ষতার প্রশংসা করেন। ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

ঘটনাটি নিয়ে বিমান সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। উল্লেখ্য, এর আগেও খারাপ আবহাওয়া বা রানওয়েতে প্রতিবন্ধকতার কারণে একই সংস্থার কয়েকটি উড়ান অবতরণে সমস্যার মুখে পড়েছিল।

Category